উবারের নতুন সেবা “এয়ার ট্যাক্সি”

 



নিত্যদিন চলার পথে যানজটে পড়ে বিরক্ত হয় না এমন মানুষ পাওয়া সম্ভবত অসম্ভব! কেমন হবে যখন আপনাকে যানজটে পড়তে হবে না? কেমন হবে যদি আপনার ট্যাক্সিটি আকাশে উড়তে পারা একটি “উডুক্কু যান” হয়? ঠিক এমন ভাবনা নিয়েই রাইড শেয়ার অ্যাপ ভিত্তিক সেবা প্রতিষ্ঠান “উবার” পাঁচটি দেশে প্রাথমিকভাবে শুরু করতে চলেছে উড়ুক্কু ট্যাক্সি সেবা।


সম্প্রতি টোকিওতে এক ইভেন্টের আয়োজন করেছে উবার। সেখানে উবারের কর্মকর্তারা জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত এই পাঁচটি দেশে “এয়ার ট্যাক্সি” উন্মুক্ত করবে বলে জানিয়েছে। তাছাড়া শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ও লস অ্যাঞ্জেলেসের সঙ্গে এ পাঁচটি দেশের মধ্য থেকে বেছে নেওয়া একটি শহরে উড়ন্ত যান চালানো শুরু করবে উবার।


প্রতিষ্ঠানটি তাদের এয়ার ট্যাক্সি সেবা পরীক্ষার জন্য যে কয়টি দেশকে বাছাই করেছে তার মাঝে অন্যতম হল ভারত। এখানকার ঘনসবতিপূর্ণ শহরগুলোর জন্যই উবার ভারতকে বেছে নিয়েছে। ভারতে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীদের সময়ও নষ্ট হচ্ছে সমান পরিমাণে। তাই উবারের এই পরিষেবা তাদের ভোগান্তি থেকে বাঁচাবে বলে আশা করা যাচ্ছে।


ইতোমধ্যে জাপানি সরকার প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করে তাদেরকে সমর্থন করার কথা বলেছে। ২০১৭ সালে উবার এ নিয়ে কাজ শুরু করলেও পুরোপুরিভাবে প্রায় সব দেশে এয়ার ট্যাক্সির সেবা বাস্তবায়ন হতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগবে।


এ বিষয়ে উবারের সিইও দারা কশরোশাহি বলেন, “এয়ার ট্যাক্সির সেবা যদিও বেশ জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। তবে সাবলীলভাবে কাজ করলে ভবিষ্যতে মানুষের চলাচলের মান উন্নত হওয়ার পাশাপাশি আরামদায়ক হবে। আর এটাই এখন আমাদের লক্ষ্য।”

Comments